ঢাকা | | বঙ্গাব্দ

৩৭ বন্দির সাজা মওকুফ, মুক্তির নির্দেশ

৩৭ বন্দির সাজা মওকুফ, মুক্তির নির্দেশ
ad728

দেশের বিভিন্ন কারাগারে দীর্ঘদিন ধরে থাকা ৩৭ জন কারাবন্দির সাজা মওকুফ করেছে সরকার। যারা রেয়াতসহ ২০ বছর বা তার অধিক সাজাভোগ করেছেন, তাদের মধ্যে থেকে ৩৭ জন বন্দি মুক্তি পেতে যাচ্ছেন।


মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ।


তিনি জানান, দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে অসংখ্য বন্দি আছেন যারা বহু বছর ধরে সাজাভোগ করছেন। যেসব বন্দি রেয়াতসহ ২০ বছর বা তারও বেশি সময় সাজাভোগ করেছেন, তাদের মামলার প্রকৃতি, কারা জীবনে আচরণ, বয়স, শৃঙ্খলা এবং সংশোধনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়গুলো বিবেচনা করে সরকার ৩৭ জন বন্দির অবশিষ্ট সাজা মওকুফের সিদ্ধান্ত নিয়েছে।


এই সিদ্ধান্ত অনুযায়ী, মুক্তির আদেশ প্রাপ্তির পর থেকেই সংশ্লিষ্ট কারাগারে তা কার্যকর করা হবে বলে জানিয়েছেন কারা কর্মকর্তারা।


কারা সূত্র বলছে, এটি সরকারের মানবিক ও সংশোধনমূলক দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে নেওয়া পদক্ষেপ। যারা দীর্ঘ সময় ধরে সাজাভোগের মাধ্যমে সংশোধিত জীবনযাপনে অভ্যস্ত হয়েছেন এবং কারা শৃঙ্খলা বজায় রেখেছেন, তাদের নতুনভাবে সমাজে ফেরার সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত।


উল্লেখ্য, বাংলাদেশে সাধারণত ২০ বছর বা তার অধিক সাজাভোগের পর রেয়াত বিবেচনা করে কিছু বন্দিকে মুক্তি দেওয়া হয়। এর আগেও জাতীয় গুরুত্বপূর্ণ দিবস ও বিশেষ রাষ্ট্রীয় সিদ্ধান্তের অংশ হিসেবে দীর্ঘ মেয়াদী সাজাপ্রাপ্ত বন্দিদের মুক্তির নজির রয়েছে।


মুক্তিসরণি/এমএস