বর্তমান যুগে স্মার্টফোন কেবল একটি যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। আমাদের ব্যক্তিগত ছবি, মেসেজ, ব্যাংকিং তথ্য থেকে শুরু করে পেশাগত সব গুরুত্বপূর্ণ ডেটা এখন এই একটি ছোট ডিভাইসে বন্দি। আর এই তথ্যের ভাণ্ডারের ওপর সবসময় নজর থাকে সাইবার অপরাধী বা হ্যাকারদের।
আপনার সামান্য একটি অসতর্কতা বা ছোট একটি ভুল মুহূর্তেই আপনার সব ডেটা চুরি বা স্মার্টফোন হ্যাক হওয়ার কারণ হতে পারে। স্মার্টফোন হ্যাকিং এখন একটি বৈশ্বিক সমস্যা, তাই নিজেকে ডিজিটাল জগতে সুরক্ষিত রাখতে সচেতনতা ও সঠিক পদক্ষেপের কোনো বিকল্প নেই।
স্মার্টফোন হ্যাক হওয়া থেকে বাঁচাতে কিছু পদক্ষেপ
সন্দেহজনক লিঙ্ক এবং অ্যাপ থেকে সাবধান
হ্যাকারদের সবচেয়ে বড় অস্ত্র হলো 'ফিশিং' (Phishing)। অনেক সময় ইমেইল, এসএমএস বা সোশ্যাল মিডিয়ায় আকর্ষণীয় কোনো অফারের টোপ দিয়ে লিঙ্ক পাঠানো হয়। এসব লিঙ্কে ক্লিক করলেই আপনার ফোনে ম্যালওয়্যার প্রবেশ করতে পারে।
অপরিচিত বা সন্দেহজনক কোনো উৎস থেকে আসা লিঙ্কে ক্লিক করবেন না। অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে শুধুমাত্র অফিসিয়াল 'Google Play Store' বা 'Apple App Store' ব্যবহার করুন। কোনো থার্ড-পাটি ওয়েবসাইট থেকে 'APK' ফাইল ডাউনলোড করা থেকে বিরত থাকুন।
নিয়মিত সফটওয়্যার আপডেট রাখা
অনেকেই ফোনের সফটওয়্যার বা অ্যাপ আপডেট আসলেও তা অবহেলা করে এড়িয়ে যান। এটি হ্যাকারদের জন্য একটি বড় সুযোগ। প্রতিটি নতুন আপডেটে কোম্পানিগুলো আগের ভার্সনের নিরাপত্তা ত্রুটি (Security Bugs) সংশোধন করে এবং নতুন 'সিকিউরিটি প্যাচ' যুক্ত করে।
আপনার ফোনের অপারেটিং সিস্টেম (Android/iOS) এবং ব্যবহৃত অ্যাপগুলো সবসময় লেটেস্ট ভার্সনে আপডেট রাখুন। সম্ভব হলে 'Auto Update' অপশনটি চালু করে রাখুন।
শক্তিশালী পাসওয়ার্ড ও টু-ফ্যাক্টর অথেনটিকেশন
আপনার ফোন এবং গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টগুলোর জন্য সহজ পাসওয়ার্ড (যেমন: 123456 বা নাম) ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হ্যাকাররা বিভিন্ন টুল ব্যবহার করে সহজেই এগুলো ভেঙে ফেলতে পারে।
প্রতিটি অ্যাকাউন্টের জন্য ভিন্ন ভিন্ন এবং শক্তিশালী পাসওয়ার্ড (অক্ষর, সংখ্যা এবং প্রতীকের সমন্বয়ে) ব্যবহার করুন। নিরাপত্তার অতিরিক্ত স্তর হিসেবে অবশ্যই টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) চালু করুন। এতে কেউ আপনার পাসওয়ার্ড জেনে গেলেও আপনার ফোনে আসা কোড ছাড়া অ্যাকাউন্টে লগ-ইন করতে পারবে না।
পাবলিক ওয়াইফাই ব্যবহারে সতর্কতা
ফ্রি ওয়াইফাই ব্যবহারের সুযোগ পেলেই আমরা অনেকেই লাফিয়ে পড়ি। কিন্তু বিমানবন্দর, ক্যাফে বা শপিং মলের এই উন্মুক্ত ওয়াইফাই নেটওয়ার্কগুলো মোটেও নিরাপদ নয়। হ্যাকাররা সহজেই একই নেটওয়ার্কে থাকা ডিভাইসের ডেটা ইন্টারসেপ্ট করতে পারে।
খুব জরুরি না হলে পাবলিক ওয়াইফাই ব্যবহার এড়িয়ে চলুন। যদি ব্যবহার করতেই হয়, তবে অবশ্যই একটি নির্ভরযোগ্য ভিপিএন (VPN) ব্যবহার করুন। ভিপিএন আপনার ডেটাকে এনক্রিপ্ট করে রাখে, ফলে হ্যাকাররা তা পড়তে পারে না। পাবলিক ওয়াইফাইয়ে থাকাকালীন ব্যাংকিং লেনদেন বা সেনসিটিভ কাজ করা থেকে বিরত থাকুন।
অ্যাপ পারমিশন চেক করা
অনেক সময় সাধারণ একটি টর্চলাইট বা এডিটিং অ্যাপ আপনার গ্যালারি, কন্টাক্ট লিস্ট বা লোকেশনের অ্যাক্সেস চেয়ে বসে। কোনো অ্যাপ যখন প্রয়োজনের অতিরিক্ত পারমিশন চায়, তখন বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়!
ফোনে কোনো অ্যাপ ইনস্টল করার পর সেটি কী কী পারমিশন নিচ্ছে তা খেয়াল করুন। সেটিংস থেকে 'App Permissions' অপশনে গিয়ে অপ্রয়োজনীয় অ্যাক্সেসগুলো বন্ধ করে দিন। যেমন: একটি ক্যালকুলেটর অ্যাপের আপনার মাইক্রোফোন বা লোকেশন অ্যাক্সেস করার কোনো প্রয়োজন নেই।
প্রযুক্তির এই যুগে শতভাগ নিরাপদ থাকা কঠিন, তবে সচেতনতা আপনার ঝুঁকি অনেকটাই কমিয়ে দিতে পারে। স্মার্টফোনে নিয়মিত ব্যাকআপ রাখা এবং অপ্রয়োজনীয় ব্লুটুথ বা লোকেশন সার্ভিস বন্ধ রাখা আপনার ফোনকে আরও সুরক্ষিত রাখবে। মনে রাখবেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম।
মুক্তিসরণি/এমএস
তথ্যপ্রযুক্তি ডেস্ক