বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক অনন্য অনুপ্রেরণা—এ কথা উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থরক্ষার আন্দোলনে তাঁর অবদান ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।
শনিবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, ফ্যাসিবাদী রাষ্ট্রচক্রের নির্যাতন, মিথ্যা মামলার ধারাবাহিকতা ও রাজনৈতিক প্রতিহিংসার ভয়াবহতা সত্ত্বেও খালেদা জিয়ার অটল মনোবল ও আপসহীন অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, ১৯৯০-এর গণঅভ্যুত্থান, স্বৈরতন্ত্রবিরোধী আন্দোলন এবং পরবর্তী সময়ের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি পর্যায়ে খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্ব ও দেশপ্রেম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একাধিক প্রজন্ম তাঁকে দেখেছে সাহস, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হিসেবে।
নাহিদ ইসলাম বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা জানান। তিনি বলেন, “আমরা মহান আল্লাহ তাআলার কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের এই সংকটময় সময়ে তাঁর অভিজ্ঞতা ও উপস্থিতি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
শেষে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় খালেদা জিয়ার দীর্ঘ ও গুরুত্বপূর্ণ অবদান স্মরণ করে তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।
মুক্তিসরণি/এমএস
নিজস্ব প্রতিবেদক