প্রিন্ট এর তারিখঃ Jun 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 30, 2025 ইং
নিজ দলের কর্মীকে হত্যার হুমকি দিলেন নোবিপ্রবি ছাত্রদল সভাপতি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান কর্তৃক নিজ দলের এক কর্মীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ক্রিনশট ভাইরাল হলে ক্যাম্পাসজুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় স্ক্রিনশটটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ ও পেজে ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যায়, জাহিদ হাসান লিখেছেন— “আজকের যে অত্যন্ত নেতিবাচক নিউজটা হয়েছে, সেটাও করিয়েছে আমাদের ছাত্রদলের উচ্চপদস্থ একজন নেতা। তাকে আমি হয়তো মেরেও ফেলতে পারি যদি ডকুমেন্টড প্রুভ ম্যানেজ করতে পারি।”
ধারণা করা হচ্ছে, “নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ” শীর্ষক একটি সংবাদ প্রকাশের জেরে তিনি এ ধরনের হুমকি দিয়েছেন।
এ বিষয়ে ছাত্রদলের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে স্ক্রিনশটে থাকা হুমকির সত্যতা নিশ্চিত করেন। তারা জানান, সাম্প্রতিক নেতিবাচক খবরে সংগঠনের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।
অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নিন্দার ঝড় বইছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল মাহমুদ লেখেন, “স্ক্রিনশটটা সত্য নাকি মিথ্যা সেটা সংশ্লিষ্টরাই জানবেন। তবে চাঁদাবাজি সংক্রান্ত আজকের নিউজকে ইঙ্গিত করেই হুমকি দেওয়া হয়েছে। এ ধরনের হুমকি অশনিসংকেত। ছাত্ররাজনীতিকে ভয়াবহতার দিকে ঠেলে দেওয়া হলে আমরা প্রতিহত করব।”
নোবিপ্রবি ছাত্রদলের অর্থ সম্পাদক মন্তব্য করেন, “এটাই প্রমাণ করে নোবিপ্রবি ছাত্রদল বিষয়টিকে কতটা সিরিয়াসলি নিচ্ছে। যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে।”
এ বিষয়ে জানতে নোবিপ্রবি ছাত্রদল সভাপতি জাহিদ হাসানকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও তার মন্তব্য পাওয়া যায়নি।
মুক্তিসরণি/এমএস
© মুক্তিসরণি