প্রিন্ট এর তারিখঃ Jun 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 29, 2025 ইং
বাংলাদেশিকে গুলি করে লাশ নিয়ে গেছে বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম (৩৮) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শনিবার (২৯ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল গয়েশপুর গ্রামের লস্কর আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বিকেল ৪টার দিকে শহিদুল ইসলামসহ কয়েকজন বাংলাদেশি গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের কাছে দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এসময় ভারতের মাটেরিয়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে শহিদুল ঘটনাস্থলেই মারা যান এবং সাথে থাকা অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসে। পরে বিএসএফ সদস্যরা শহিদুলের লাশ টেনে ভারতের ভেতরে নিয়ে যায়।
এ বিষয়ে ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, গয়েশপুর সীমান্তের কাছে কয়েকজন বাংলাদেশি অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফ গুলি চালায়। এতে শহিদুল ইসলাম নিহত হন। ঘটনার পর বিএসএফ লাশটি তাদের হেফাজতে নিয়ে গেছে। লাশ ফেরত আনতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানান তিনি।
মুক্তিসরণি/এমএস
© মুক্তিসরণি