প্রিন্ট এর তারিখঃ Jun 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 29, 2025 ইং
ফিলিস্তিন সংহতি দিবসে ইবিতে সাইকেল র্যালি

আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে ফিলিস্তিনি জনগণের প্রতি একাত্মতা জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাইকেল র্যালি আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা।
শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
র্যালিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সাইকেলে ফিলিস্তিনি পতাকা বেঁধে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘ইসরাইল মুর্দাবাদ’সহ বিভিন্ন সংহতিমূলক স্লোগান দেন।
কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার আহ্বায়ক এস. এম. সুইট, সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ, মুখ্য সংগঠক গোলাম রাব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পঙ্কজ রায়, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুবাশশির আমিনসহ ত্রিশোর্ধ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ বলেন, “ফিলিস্তিনের জনগণের ওপর যে বর্বর নির্যাতন ও গণহত্যা চালানো হয়েছে, তার আন্তর্জাতিকভাবে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতেই আমাদের আজকের সাইকেল রাইড।”
মুখ্য সংগঠক গোলাম রাব্বানী বলেন, “ফিলিস্তিনে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হলেও অনেক আন্তর্জাতিক সংস্থা শুধু বক্তব্য দিচ্ছে, কিন্তু কার্যকর কোনো ভূমিকা রাখছে না। সংহতি জানাতেই ইবিতে আমাদের এই রাইড আয়োজন।”
ইবি শাখার আহ্বায়ক এস. এম. সুইট বলেন, “ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের প্রতি সংহতি জানাতে এবং ইসরাইলি দখলদার বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনিদের ন্যায্য লড়াইয়ে আমরা ইবির শিক্ষার্থীরা তাদের পাশে আছি—এই বার্তা দিতে আমাদের এই উদ্যোগ।”
উল্লেখ্য, ১৯৭৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ২৯ নভেম্বর দিনটিকে আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে বিশ্বব্যাপী দিনটি পালন করা হয়ে আসছে।
মুক্তিসরণি/এমএস
© মুক্তিসরণি