প্রিন্ট এর তারিখঃ Jun 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 27, 2025 ইং
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনসার্টের আড়ালে তামাক প্রচারণার অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী ২৮ নভেম্বর “Let’s Vibe” শিরোনামে ব্যান্ড কনসার্ট আয়োজনের পরিকল্পনার বিরুদ্ধে আপত্তি জানিয়েছে স্থানীয় উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোশাল ওয়েলফেয়ার (লফস)। সংস্থাটির দাবি, জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (জেটিআই) আয়োজনটি পরিকল্পনা করছে এবং এটিকে তরুণদের ই-সিগারেট ও তামাকজাত পণ্যে প্রলুব্ধ করার “চালাকি পূর্ণ কৌশল” হিসেবে ব্যবহার করা হচ্ছে।
লফসের নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন লাকী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেন—বাংলাদেশে তামাকের কারণে প্রতিবছর প্রায় ১ লাখ ৬১ হাজার মানুষের মৃত্যু ঘটে। সরকার তামাক নিয়ন্ত্রণে বিভিন্ন আইন প্রণয়ন করলেও তামাক কোম্পানিগুলো বিভিন্ন পরোক্ষ পদ্ধতিতে তরুণদের লক্ষ্য করে প্রচারণা চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সূত্রের তথ্যের ভিত্তিতে লফসের দাবি, রাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া এ কনসার্টের মূল উদ্দেশ্য তামাকজাত পণ্যের প্রচারণা বাড়ানো।
চিঠিতে আরও বলা হয়, সরাসরি প্রচারণায় আইনগত বিধিনিষেধ থাকায় তামাক কোম্পানিগুলো বিভিন্ন বিনোদনমূলক আয়োজনের মাধ্যমে তরুণদের আকৃষ্ট করছে। এর আগেও ২০১৭ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ২০২৪ সালে খুলনা বিশ্ববিদ্যালয় তামাক কোম্পানির অনুরূপ প্রচারণামূলক কার্যক্রম বন্ধ করে দেয়, যা নজির হিসেবে উল্লেখযোগ্য।
রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ অনুযায়ী, শিক্ষার্থীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। লফস মনে করে, ক্যাম্পাসে তামাক কোম্পানির যেকোনো ধরনের উপস্থিতি বা প্রচারণা তরুণদের জন্য ক্ষতিকর এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ লক্ষ্যমাত্রার সঙ্গে সাংঘর্ষিক।
সংস্থাটি অবিলম্বে রাবি ক্যাম্পাসে এ ধরনের অনুষ্ঠান বন্ধে এবং তামাকজাত পণ্যের প্রচারণা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।
মুক্তিসরণি/এমএস
© মুক্তিসরণি