প্রিন্ট এর তারিখঃ Jun 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 26, 2025 ইং
ডিউ ডেট থেকে প্রমোশন বাস্তবায়নের দাবি নোবিপ্রবি শিক্ষকদের

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষকরা তাদের প্রমোশন ও আপগ্রেডেশন ‘ডিউ ডেট’ থেকে কার্যকর করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০ জন শিক্ষক ডিজিটাল স্বাক্ষরসম্বলিত স্মারকলিপি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের কাছে তুলে দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়—যেমন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) ও শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়—প্রমোশন ও আপগ্রেডেশন দীর্ঘদিন ধরে ‘ডিউ ডেট’ থেকে কার্যকর হয়ে আসছে। কিন্তু নোবিপ্রবিতে এটি এখনো কার্যকর না হওয়ায় শিক্ষকরা প্রশাসনিক জটিলতা, অনাবশ্যক বিলম্ব ও পেশাগত ক্ষতির শিকার হচ্ছেন।
স্মারকলিপিতে শিক্ষকদের তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবি গুলো হলো- নোবিপ্রবিতে প্রমোশন/আপগ্রেডেশন ‘ডিউ ডেট’ থেকে কার্যকর করার নীতিমালা প্রণয়ন, এ লক্ষ্যে একটি নীতিমালা প্রণয়ন কমিটি গঠন এবং এক মাসের মধ্যে নীতিমালা চূড়ান্তকরণ ও বাস্তবায়ন।
শিক্ষকরা আরও উল্লেখ করেন, “একটি স্বচ্ছ, আধুনিক ও গবেষণা–বান্ধব বিশ্ববিদ্যালয় গঠনের জন্য ডিউ ডেট থেকে প্রমোশন কার্যকর করা অত্যন্ত জরুরি। এটি শিক্ষকদের ন্যায্য প্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি গবেষণা, প্রকাশনা ও একাডেমিক অবদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ) শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানান এবং বলেন, “আশা করি আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবেন। আপনারা আমাদের সঙ্গে থাকলে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়া সম্ভব।”
উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “বর্তমান প্রশাসন শিক্ষক ও শিক্ষার্থীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রমোশন/আপগ্রেডেশনের যোগ্যদের বোর্ড দ্রুততম সময়ে সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে, এবং সুপারিশ পাওয়ার পর তা রিজেন্ট বোর্ডে পাঠানোর ব্যবস্থা হবে। যাদের প্রমোশন ডিউ বা আবেদনযোগ্য, তাদের বোর্ড ৩–৬ মাসের মধ্যে সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।”
মুক্তিসরণি/এমএস
© মুক্তিসরণি