প্রিন্ট এর তারিখঃ Jun 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 26, 2025 ইং
সিদ্ধিরগঞ্জে ট্রান্সফর্মারে কাজের সময় বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফর্মারে কাজ করার সময় নজরুল ইসলাম (৪৫) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় রাজ্জাক ও করিম নামে আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের দ্রুত খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেন এবং পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে নাগিনা জোহা নতুন সড়কের সোনামিয়া মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ঠিকাদার আব্দুর রহমানের তত্ত্বাবধানে ১২–১৩ জন শ্রমিক ট্রান্সফর্মারের কাজ করছিলেন। হঠাৎ লাইন সক্রিয় হয়ে যাওয়ায় নজরুলসহ তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয়, এবং অপর দুজন গুরুতর আহত হন।
আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, “আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে খানপুর হাসপাতালে পাঠিয়েছি। আহতদের স্থানীয়রা আগেই অন্য হাসপাতালে নিয়ে গেছেন।”
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম বলেন, “দুর্ঘটনায় একজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার তদন্ত চলছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
মুক্তিসরণি/এমএস
© মুক্তিসরণি