প্রিন্ট এর তারিখঃ Jun 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 16, 2025 ইং
'দুর্বল ব্যাংকগুলোর টিকে থাকার একমাত্র পথ ছিল একীভূতকরণ'

দেশের আর্থিক খাতকে স্থিতিশীল রাখতে আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
রোববার (১৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিট অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।
গভর্নর বলেন, “ব্যাংকিং খাতকে সমৃদ্ধ ও স্থিতিশীল করতে স্বচ্ছতা নিশ্চিত করা এখন সময়ের দাবি। বিনিয়োগকারী, আমানতকারী ও ব্যাংক–কর্মকর্তারা দায়িত্বশীল হলে খাতটি আরও শক্তিশালী হবে।”
দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংক সম্পর্কে তিনি আরও বলেন, “এই ব্যাংকগুলোকে একীভূত করা ছাড়া বাস্তবে আমাদের সামনে কোনো কার্যকর বিকল্প ছিল না। সুশাসন নিশ্চিত হলে এই প্রক্রিয়া দেশের অর্থনীতির জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।”
গত ৫ নভেম্বর বাংলাদেশ ব্যাংক আর্থিক দুরবস্থায় থাকা পাঁচটি ব্যাংক— এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক—কে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগ দেয়।
পরে ৯ নভেম্বর গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডের বিশেষ অনলাইন সভায় এই পাঁচ ব্যাংক একীভূত করে পরিচালনার জন্য নতুন রাষ্ট্রায়ত্ত শরিয়াহভিত্তিক ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’–এর প্রাথমিক লাইসেন্স অনুমোদন দেওয়া হয়।
নতুন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
মুক্তিসরণি/এমএস
© মুক্তিসরণি