ঢাকা | | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ-১ আসনে আলোচনায় এনসিপির নিরব রায়হান

নারায়ণগঞ্জ-১ আসনে আলোচনায় এনসিপির নিরব রায়হান
ad728
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি'র প্রার্থী হয়েছেন তরুণ কবি নিরব রায়হান। নিরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক।

১৭ নভেম্বর রাতে তিনি রাজধানীর বাংলামোটর কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন দলের উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম, মূখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল ও সিনিয়র সংগঠক ইয়াছিন আরাফাত।

এসময় কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থানরত নারায়ণগঞ্জের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে উচ্ছ্বাস তৈরি করেন এবং নতুন প্রার্থীকে শুভেচ্ছা জানান।

মনোনয়নপত্র গ্রহণের পর নিরব রায়হান বলেন, "বৈষম্যবিরোধী আন্দোলনের পর রূপগঞ্জবাসীর মধ্যে নতুন আকাঙ্খা জন্মেছে। বিগত ৫৪ বছরের রাজনৈতিক ব্যবস্থার পাশাপাশি গত ১৬ বছরের দুর্নীতি ও অনিয়মের কারণে সাধারণ মানুষ এখন পরিবর্তনের প্রত্যাশী। এই আসনে গোলাম দস্তগীর গাজী দীর্ঘদিন ধরে ক্ষমতা দখল করে সাধারণ মানুষকে কুক্ষিগত করেছে, বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা ব্যবস্থায় ক্ষতি সাধন করেছে। আমি রূপগঞ্জের মানুষকে সেই মুক্তির পথ দেখাতে অঙ্গীকারবদ্ধ।"

তিনি আরও বলেন, "হাসিনার ফ্যাসিবাদী আমল আর দেশবাসী দেখতে চায় না। আজকের দিনে রূপগঞ্জবাসীর খুশীর সঙ্গে মনোনয়নপত্র গ্রহণ করেছি। আশা করি, এই খুশীর জোয়ার রূপগঞ্জবাসীর জন্য অব্যাহত থাকবে।"

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-১ আসনে ইতোমধ্যে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, জামায়াত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা ও গণঅধিকার পরিষদের প্রার্থী কাওছার আলীও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এতে প্রতিযোগিতামূলক প্রার্থী তালিকায় এনসিপির নিরব রায়হানকেও এখন গুরুত্বপূর্ণ একটি ফোকাস হিসেবে দেখা যাচ্ছে।

মুক্তিসরণি/এমএস