“যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে” এ স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে পলিথিনমুক্তকরণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় বটতলা চত্বরে সংগঠনটির সদস্যরা এ কর্মসূচি শুরু করেন।
অভিযানে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস ইবি শাখার উপদেষ্টা প্রফেসর ড. আব্দুল আল মোহিত, সাবেক সভাপতি এস. এম. সুইট, বর্তমান সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমন, সাধারণ সম্পাদক মাজিদুল ইসলাম উজ্জ্বলসহ অর্ধশতাধিক সদস্য।
কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট, ক্রিকেট মাঠ, শাহ আজিজ হল, প্যারাডাইস রোড, জুলাই ৩৬ হল, ইবনে সিনা বিজ্ঞান ভবন ও টিএসসি প্রধান ফটক এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। সদস্যরা ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে থাকা পলিথিন, প্লাস্টিক বর্জ্য, কাগজপত্র, প্যাকেটসহ বিভিন্ন আবর্জনা সংগ্রহ করে বস্তাবন্দি করেন এবং তা নির্দিষ্ট স্থানে ফেলে দেন। পুরো কার্যক্রমে তারা মাস্ক, গ্লাভসসহ স্বাস্থ্যবিধি মেনে অংশ নেন।
অংশগ্রহণকারী শিক্ষার্থী রহিমা আক্তার বলেন, “এই অভিযান আমাদের সবাইকে সচেতন করছে। আমরা প্রায়ই খাবারের উচ্ছিষ্ট বা প্যাকেট যেখানে-সেখানে ফেলে দিই। পরিচ্ছন্নতা নিয়ে আমাদের উদাসীনতার কারণেই এমন উদ্যোগ প্রয়োজন। আমরা চাই সবাই এই বার্তাটি গ্রহণ করুক—ক্যাম্পাস নোংরা নয়, পরিচ্ছন্ন রাখুন।”
সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, “বিশ্ববিদ্যালয় কেবল জ্ঞান অর্জনের স্থান নয়; এখানে সচেতনতা, দায়িত্ববোধ ও চরিত্র গড়ে ওঠে। পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস সেই দায়িত্ববোধেরই অংশ। আমরা চাই একটি সবুজ, টেকসই বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে, যেখানে প্রতিটি শিক্ষার্থী পরিবেশরক্ষার যোদ্ধা হবে।”
শাখা উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল আল মোহিত বলেন, “পলিথিন পরিবেশ দূষণের অন্যতম বড় কারণ। এটি মাটির উর্বরতা ও স্বাভাবিকতা নষ্ট করে। সবার মধ্যে সচেতনতা তৈরি করাই আমাদের লক্ষ্য—যাতে শিক্ষার্থীরা নিজেরাই পরিবেশ রক্ষায় এগিয়ে আসে।”
মুক্তিসরণি/এমএস
ইবি প্রতিনিধি